
প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং রপ্তানি সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর প্রেসিডেন্ট মো. শাহরিয়ারসহ সংগঠনটির নেতারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার আলোচনায় শিল্পের বর্তমান সমস্যা, সম্ভাবনা, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে এ খাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের সঙ্গে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ খাত ঘনিষ্ঠভাবে যুক্ত। দেশের অর্থনীতি ও রপ্তানি বাড়াতে এ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্যোক্তাদের কাছ থেকে সমস্যাগুলো শুনে তা সমাধানে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা।
বিপিএএমইএর প্রেসিডেন্ট মো. শাহরিয়ার বলেন, তারা শিল্পের সমস্যা ও সম্ভাবনার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেছেন। তিনি বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা ও জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে লিখিতভাবে শিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার জন্য অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছেন।
শাহরিয়ার বলেন, প্যাকেজিং শিল্প শুধু তৈরি পোশাকের সঙ্গে যুক্ত নয়; টেরিটাওয়েল, ওষুধ, চামড়াসহ বিভিন্ন শিল্পের উৎপাদন ও রপ্তানির সঙ্গে এ খাত সরাসরি সম্পৃক্ত। বিশ্ববাজারে শুধু পেপার প্যাকেজিংয়ের বাজার প্রায় ৭০০ বিলিয়ন ডলার হলেও সেখানে বাংলাদেশের অংশগ্রহণ খুবই সামান্য। এ খাতে দেশের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে আগামী ৬ থেকে ৯ জানুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি দেশের বিশ্বমানের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা পরিদর্শনের আমন্ত্রণও জানানো হয়েছে। সময়-সুযোগ অনুযায়ী অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
আলোচনায় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়টিও উঠে আসে। উদ্যোক্তারা জানান, এ সংকট শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত এ সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বর্তমান সরকারকে সহযোগিতার কথা জানিয়ে শাহরিয়ার বলেন, ‘মাত্র ছয় মাস হলো সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই, সর্বোচ্চ সহযোগিতাও করতে চাই।’ ব্যবসার জন্য ছিনতাই, চাঁদাবাজি ও রাহাজানিকে হুমকি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু ব্যবসা নিয়ে থাকতে চাই, দেশের অর্থনীতি নিয়ে থাকতে চাই, কর্মসংস্থান নিয়ে থাকতে চাই। রাজনীতির যে ব্যাপার আছে, রাজনীতিবিদ যাঁরা আছেন, তাঁদেরই রাজনীতিটা করা উচিত।’
ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান মিয়া গোলাম পরওয়ার। মিরপুরের একটি চিকিৎসাকেন্দ্রে হামলা-ভাঙচুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে শিল্প ও ব্যবসা-বাণিজ্যসহ কোনো খাতই নিরাপদ থাকবে না। এ পরিস্থিতিতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মব সৃষ্টি, পেশিশক্তির ব্যবহার ও সহিংসতার মাধ্যমে পুরোনো পরিস্থিতি ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের নিন্দা জানান।
বৈঠকে বিপিএএমইএর বোর্ড সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপিসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :