
দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২০ টাকা করে বেড়েছে। একইভাবে পেট্রল ও অকটেনের দামও লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার রাত ১২টা থেকেই সংশোধিত দাম কার্যকর হবে।
নতুন মূল্য তালিকায় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে। এছাড়া পেট্রলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও প্রায় পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। একই সময়ে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের জ্বালানি তেলের দাম কম ছিল বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পাশাপাশি ফ্রেইট চার্জও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখনো সেই ঊর্ধ্বমুখী পরিস্থিতি অব্যাহত রয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় সরকার এতদিন দেশে দাম বাড়ায়নি। এর ফলে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং বিপিসির লোকসানের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :