
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের চিকিৎসাসেবা আরও সাশ্রয়ী করতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি করেছে সংগঠনটি। এ চুক্তির ফলে নির্ধারিত শর্তে হাসপাতালটির বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন তাঁরা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে হাসপাতালটির সেমিনার কক্ষে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী, এমআরইউর সদস্যদের পাশাপাশি তাঁদের পিতা-মাতা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নির্ধারিত শর্তে এ সুবিধার আওতায় আসবেন। মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাঁদের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমান এবং বিপণন ও মিডিয়া ইনচার্জ ও সহকারী ব্যবস্থাপক এইচ এম দুলাল।
অনুষ্ঠানে এমআরইউর সহসভাপতি ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের (বৈশাখী টিভি) ও শিমুল হাওলাদার (গ্লোবাল টিভি) উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী, বাপ্পি (দেশ টিভি), ইমরান (নাগরিক টিভি), ইসা (মোহনা টিভি), রনি (নিরপেক্ষ)সহ অন্যান্য সদস্য অনুষ্ঠানে অংশ নেন।
হাসপাতালের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া এবং মো. ইমরান হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমআরইউর সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে সংগঠনটি। স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মসংস্থান, নিরাপত্তা এবং সাংবাদিকদের প্রয়োজনসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও এমআরইউ উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, সংগঠনের সদস্যদের স্বাস্থ্যসেবায় অংশীদার হওয়ায় ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ধরনের উদ্যোগ মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ এমআরইউর সদস্যদের পাশে থাকার এবং তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ চুক্তির মাধ্যমে এমআরইউর সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কল্যাণ এবং স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
আপনার মতামত লিখুন :