Tathyojora.news আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অসহায়: নাহিদ ইসলাম - Tathyojora.news

আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অসহায়: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৬, ৬:৫৯ PM
আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অসহায়: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে  রাজধানীর কারওয়ান বাজারে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, দেশে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, অন্যদিকে সন্ত্রাস ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একই সঙ্গে সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের ওপর দমন-পীড়নের বিষয়টি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, সাংবাদিকদের ওপরও ব্যাপক দমন-পীড়ন চলছে। নেত্রকোনায় প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করার ঘটনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ৬০টি যানবাহনে ডাকাতির ঘটনার কথা উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতারও বাইরে চলে যাচ্ছে। এলপিজি গ্যাসের দামের উদাহরণ দিয়ে তিনি বলেন, নির্বাচনের পরও যে গ্যাসের দাম ছিল ১ হাজার ২০০ টাকা, তা এখন সরকারি হিসাব অনুযায়ী ১ হাজার ৮০০ টাকা। আর বেসরকারিভাবে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

দেশের সামগ্রিক পরিস্থিতিতে সাধারণ মানুষ অসহায় বোধ করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে রয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে দাবি জানান তিনি।

সংবিধান সংস্কার ও সাইবার আইন নিয়েও আপত্তি

সংবিধান সংশোধন কমিটি গঠনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জনগণের সঙ্গে প্রহসন করতেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে বলে তারা মনে করেন। এ কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে গণতান্ত্রিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বন্ধ করারও দাবি জানান তিনি।

সাইবার আইন সংশোধনের উদ্যোগের বিরোধিতা করে নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত সংশোধনী আনা যাবে না এবং কোনোভাবেই তা সংসদে পাস হতে দেওয়া হবে না।

৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এ লিফলেট বিতরণ ও পথসভায় এনসিপির নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মন্ত্রীদের পদত্যাগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ বন্ধের দাবি তুলে ধরেন।