Tathyojora.news স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম - Tathyojora.news

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২৬, ১০:০৪ PM
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি ও পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যে কাজ তাঁর করার কথা, তা না করে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

ইশরাক হোসেনের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, তাঁর মতে, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এর আগে ‘মিস্টি’ পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

দেশ পরিচালনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশনা অনুযায়ী দেশ চলছে। তাঁর ভাষায়, এটি গণতন্ত্র কিংবা আইনের শাসনের কোনো উদাহরণ নয়।

সংবিধান সংশোধন কমিটি নিয়ে সমালোচনা

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, এই কমিটির নামে সরকার এখনো নাটক করছে এবং দেশের মানুষ কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

তাঁর দাবি, দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটির বৈঠক হচ্ছে। তাঁদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। এ ধরনের কার্যক্রমকে জনগণের সঙ্গে প্রহসন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।