
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণ সিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটিতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দুই সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সভায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের পাশাপাশি দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার এবং সদস্য সচিব এসএম শাহরিয়ারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মহানগরের রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং এসব নাগরিক ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
এ ছাড়া জুলাই শহিদ ও আহতদের পরিবারের পাশে থাকা এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পতিত আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক নজরদারি এবং ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার জন্যও নির্দেশনা দেন এনসিপি আহ্বায়ক।
এর মধ্য দিয়ে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে দলটির প্রার্থী ও ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক প্রস্তুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে এলো।
আপনার মতামত লিখুন :