
নীলফামারীর ডোমারে আশ-শিফা অর্গানিক কেয়ারের পেইন রিলিফ অয়েল নকল করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর ডোমার থানার কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আশ-শিফা পেইন রিলিফ অয়েলের বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়। একই স্থান থেকে আরও কয়েকটি প্রতিষ্ঠানের নকল পণ্যও পাওয়া গেছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, একটি প্রতারক চক্র আশ-শিফা অর্গানিক কেয়ারের নাম, লোগো ও প্যাকেজিং হুবহু নকল করে দীর্ঘদিন ধরে এসব পণ্য বাজারজাত করে আসছিল। ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ খুলে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে নকল পেইন রিলিফ অয়েল ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।
অভিযানের খবর পেয়ে কথিত প্রতারক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত ডোমার এলাকার তফিজুল ইসলামের ছেলে মো. লিটন ইসলাম (২৭) বাড়ি থেকে পালিয়ে যান।
অভিযান শেষে আশ-শিফা পেইন রিলিফ অয়েলের প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ডোমার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আশ-শিফা অর্গানিক কেয়ারের কনটেন্ট ডিরেক্টর রাকিব হাসান বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র তাদের পেইন রিলিফ অয়েল নকল করে বাজারজাত করে আসছিল। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি নকল পণ্যের কারণে প্রতিষ্ঠানের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
তিনি অভিযান পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নকল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আশ-শিফা অর্গানিক কেয়ারের পক্ষ থেকে ভোক্তাদের নকল পণ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের নাম, লোগো ও প্যাকেজিং নকল করে কেউ পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :