Tathyojora.news ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময় - Tathyojora.news

ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়


তথ্যজোড়া ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৬, ৮:৪২ PM
ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়

ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিদ্যমান জনদুর্ভোগ, রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায়, জাতীয় ঐকমত্য, গণমাধ্যমের ভূমিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ মতিউর রহমান, এটিএন নিউজের সিইই শহিদুল আজম, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান এবং টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলুসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, মতবিনিময়ে আমীরে জামায়াত সমাজে বিদ্যমান জনদুর্ভোগের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।

এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামীর প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মতবিনিময়ে কয়েকজন সাংবাদিক জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে ভিন্নমত পোষণকারীদের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁদের পরামর্শ ছিল, গণভোটের রায় নিয়ে আমীরে জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানানো উচিত-রায় মেনে নেওয়া হবে, নাকি মেনে নেওয়া হবে না।

জনদুর্ভোগ ও গণমাধ্যমের ভূমিকা

মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, আমীরে জামায়াত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সন্ত্রাস, সংকীর্ণ দলীয়করণসহ জনজীবনের বিভিন্ন সমস্যার কথা আলোচনায় তুলে ধরেন।

একই সঙ্গে তিনি বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; জনমত তৈরি এবং জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রেও ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদ পরিবেশন যেমন গণমাধ্যমের দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। জামায়াতের বিষয়ে কোনো ভালো পরামর্শ কিংবা কোনো ত্রুটি থাকলে তা খোলামেলাভাবে জানানোর আহ্বান জানিয়েছেন আমীরে জামায়াত।

ইলেকট্রনিক মিডিয়ার সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিয়ে আলোচনা

মতবিনিময়ে ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন শীর্ষ নির্বাহীরা। তাঁরা জানান, প্রিন্ট মিডিয়ায় যেসব সুযোগ-সুবিধা রয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় তার অনেক কিছুই নেই।

বিশেষ করে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড, কাঠামোগত অবস্থান এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

এসব সমস্যা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তুলে ধরার পরামর্শ দিয়েছেন আমীরে জামায়াত। এ বিষয়ে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

‘গঠনমূলক ও নিয়মতান্ত্রিক’ বিরোধীদলীয় ভূমিকার দাবি

মিয়া গোলাম পরওয়ার জানান, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেছেন। তাঁদের মতে, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান ভূমিকা বেশি গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

জবাবে আমীরে জামায়াত বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে ভালো সব কাজে সরকারকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

তবে এসব কর্মসূচি অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল রাখার কথা জানিয়েছেন তিনি। রাজপথের সব আন্দোলনকে ‘নন-ভায়োলেন্ট’ করার প্রত্যাশার কথাও তিনি তুলে ধরেছেন। সাংবাদিকরা এ সময় ভালো রাজনৈতিক কর্মসূচির বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের শীর্ষ নেতারাও ছিলেন উপস্থিত

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেনসহ জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।