Tathyojora.news ছিনতাই-চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী শক্তির মানববন্ধন - Tathyojora.news

ছিনতাই-চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী শক্তির মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক অগাস্ট ৩১, ২০২৬, ১০:৩৮ PM
ছিনতাই-চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী শক্তির মানববন্ধন

দেশে সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে-এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাতীয় নারী শক্তি’।

সোমবার (৩১ আগস্ট)  দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি তরুণ সমাজের একটি অংশ মাদক, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অথচ এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে-এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলে রাজপথে এসে সাধারণ মানুষের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এর পাশাপাশি গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার সংকটেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মানববন্ধন থেকে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ছিনতাই-চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানমসহ জাতীয় নারী শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।