
দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর ২টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর সংসদ কক্ষেই শুরু হয় ব্যালট গণনা।
ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
রাষ্ট্রপতি পদে এবার মুখোমুখি ছিলেন দুজন-ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে এবারের ভোট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান কার্যকর হয়। ওই বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে প্রায় সাড়ে তিন দশক পর আবারও সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে সংসদ সদস্যরা অংশ নেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দুপুর ২টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনে নিজের ভোট দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন।
ভোটগ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচিত রাষ্ট্রপতির নামে পরবর্তী সময়ে গেজেট প্রকাশের কথা রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো নতুন একটি অধ্যায়। বিএনপির দীর্ঘদিনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই প্রবীণ রাজনীতিক এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে যাচ্ছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের এই ফল শুধু একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা নয়; প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ব্যবস্থায়ও এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :