
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা আদান-প্রদান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি এ আহ্বান জানানো হয়। এতে সৌদি কর্তৃপক্ষের নিরাপত্তাবিষয়ক নির্দেশনা কঠোরভাবে অনুসরণ এবং স্থানীয় আইন ও বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিসংক্রান্ত স্পর্শকাতর তথ্য, ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও বিনিময় করা দেশটির প্রচলিত আইন অনুযায়ী গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও প্রচার না করতে প্রবাসীদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ছবি ও ভিডিও মোবাইল ফোনে সংরক্ষণ কিংবা অন্য কারও সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। যেকোনো জরুরি প্রয়োজনে বা সহায়তার জন্য প্রবাসীদের ২৪ ঘণ্টার হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
দূতাবাসের দেওয়া নম্বরগুলো হলো-
* শ্রমসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৫
* পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৬
* ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
* মৃত্যু ও জরুরি সহায়তা: +৯৬৬৫৭০২১২১৮০
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ ও হালনাগাদ তথ্য জানতে বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :