
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে। তবে এটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন-তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এ হামলার তথ্য জানিয়েছে। হামলার পর বিমানবন্দরের টার্মিনাল এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে বিমানবন্দরের আশপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর আগে বিমানবন্দরটিতে চালানো হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০০ জনের বেশি মানুষ। ধারাবাহিক এসব হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :