Tathyojora.news ওসমান হাদির নামফলক সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’ - Tathyojora.news

ওসমান হাদির নামফলক সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৭:১৬ PM
ওসমান হাদির নামফলক সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রবেশপথে আবারও ফিরছে হলটির পুরোনো নাম। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামের ফলক পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান প্রবেশদ্বার থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক অপসারণের কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি লেখেন, ঢাবির মুজিব হলের সামনে এসে অনেকে হলটি চিনতে বিভ্রান্তিতে পড়তেন। পুরোনো নামের ফলক সরিয়ে ফেলার কারণে তৈরি হওয়া সেই বিভ্রান্তি এখন আর থাকবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

হল প্রশাসনের নির্দেশেই নামফলক সরানোর কাজ চলছে বলে জানান আব্দুল্লাহ আল নোমান।

এ বিষয়ে হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ গণমাধ্যমে বলেন, দীর্ঘদিন ধরে হলের নাম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছিল। অভিভাবকরা সন্তানদের সঙ্গে দেখা করতে এসে প্রবেশপথে ভিন্ন নাম দেখে বিভ্রান্ত হতেন। এমনকি অনলাইনে পণ্য অর্ডারের ক্ষেত্রেও ডেলিভারি কর্মীদের একই সমস্যায় পড়তে হতো।

তিনি আরও বলেন, প্রায় দেড় মাস আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে হলটির আগের নাম বহাল রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামফলক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

তবে নামফলক সরানোর বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফোনে যোগাযোগ করা হলে তিনি অফিসে গিয়ে সরেজমিনে কথা বলার পরামর্শ দেন।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ শেখ মুজিবুর রহমান হলের প্রবেশদ্বারের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক স্থাপন করেন।