Tathyojora.news ড্রপআউট নেতাকে ঘিরে শেকৃবিতে ছাত্রদলের নতুন কমিটি বিতর্ক - Tathyojora.news

ড্রপআউট নেতাকে ঘিরে শেকৃবিতে ছাত্রদলের নতুন কমিটি বিতর্ক


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৬, ৪:৩৮ PM
ড্রপআউট নেতাকে ঘিরে শেকৃবিতে ছাত্রদলের নতুন কমিটি বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল-এর নতুন কমিটি ঘোষণা ঘিরে ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে আসছেন নেতৃত্বে, কার হাতে যাচ্ছে গুরুত্বপূর্ণ পদ-এসব প্রশ্নের মধ্যেই সামনে এসেছে নতুন এক বিতর্ক। গুঞ্জন উঠেছে, সংগঠনের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন সাবেক ছাত্রনেতা মোহাইমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মোহাইমিনুল ইসলাম ২০১৮ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ভর্তি হন। তবে একাডেমিক জীবনে ধারাবাহিকভাবে দুর্বল ফলাফলের কারণে তিনি কয়েক দফা পরীক্ষায় অকৃতকার্য হন। বর্তমানে তার শিক্ষার্থী হিসেবে নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে বলেও জানা গেছে। একই সঙ্গে পুনরায় ছাত্রত্ব ফিরে পাওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়ার পর রাজধানীর তেজগাঁও কলেজ-এ অনার্স কোর্সে ভর্তি হওয়ার তথ্যও সামনে এসেছে।

এই পরিস্থিতিতে নতুন কমিটিতে তার নাম আলোচনায় আসতেই তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, ছাত্র সংগঠনের নেতৃত্বে নিয়মিত ও সক্রিয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া উচিত। দীর্ঘদিন একাডেমিক কার্যক্রমের বাইরে থাকা কাউকে নেতৃত্বে আনা হলে তা সংগঠনের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা-কর্মী বলেন, “ছাত্ররাজনীতির নেতৃত্বে আসতে হলে সাংগঠনিক গ্রহণযোগ্যতার পাশাপাশি নিয়মিত শিক্ষার্থী হওয়াও গুরুত্বপূর্ণ। বিতর্কিত বা অছাত্র কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হতে পারে।”

এসব অভিযোগের বিষয়ে মোহাইমিনুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে, তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে শেকৃবি ছাত্রদলের দায়িত্বশীল কয়েকজন নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতেই নতুন কমিটি চূড়ান্ত করা হবে। যোগ্যতা, সক্রিয়তা ও সংগঠনের স্বার্থ বিবেচনায় রেখেই নেতৃত্ব নির্ধারণ করা হবে বলেও তারা দাবি করেন।