Tathyojora.news ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ না হলে বিপদ অনিবার্য - Tathyojora.news

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ না হলে বিপদ অনিবার্য


তথ্যজোড়া ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১:৪৮ AM
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ না হলে বিপদ অনিবার্য

চারদিকে হচ্ছেটা কী?

সরকারের ভেতরে থাকা অনেক মন্ত্রী-এমপি টাকার নেশায় পাগলাটে আচরণ শুরু করেছেন-এমন অভিযোগ এখন আর শুধু রাজনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের মধ্যেও আলোচনা তৈরি করছে। বাতাসে যেন এখন একটাই আওয়াজ-হাতে সময় নেই, যেভাবে পারো কামিয়ে নাও।

সরকারের এই সুবিধাবাদী চরিত্রের অনুসারীরা মাঠপর্যায়ে আরও বেপরোয়া হয়ে উঠছেন। তাদের ভাবনা-অসৎ মন্ত্রী-এমপিরা যদি প্রকাশ্যে কামিয়ে নিতে পারেন, তাহলে আমরা পিছিয়ে থাকব কেন? এর প্রভাব পড়ছে সরাসরি তৃণমূলে, যার ক্ষত আমরা আজ টের পাচ্ছি।

আমরা খুবই দুর্ভাগা জাতি। দীর্ঘ ১৭ বছর রক্ত, জেল, মামলা আর হাজারো কর্মীর জীবনের বিনিময়ে আজ বিএনপি ক্ষমতায়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ১,৪০০ শহীদের লাশের ওপর দিয়ে আসা এই সরকারের ভাবমূর্তি আজ কোথায় গিয়ে ঠেকেছে, একবার কি নীতিনির্ধারকরা ভেবে দেখেছেন?

আজ মফস্বলের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ বলাবলি করছেন-বেগম জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান কি ষড়যন্ত্রের জালে বন্দী?

আমরা সাধারণ মানুষ চাই, এই সরকার পূর্ণ মেয়াদে থাকুক এবং জনবান্ধব কাজ করুক। কিন্তু সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে, আপনারাই যেন পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে চান না।

চুনোপুঁটি ধরে লোকদেখানো অভিযান বন্ধ করুন। উপ-প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাহবা নেওয়ার রাজনীতি দিয়ে দেশে শৃঙ্খলা ফিরবে না।

স্পষ্ট করে বলছি-আসল রেখে নকল ধরাধরি বন্ধ করুন। যারা নেপথ্যে থেকে ইন্ধন জোগাচ্ছে, যাদের ইশারায় চাঁদাবাজি-দখলবাজি হচ্ছে, সেই নাটেরগুরুদের গ্রেপ্তার করে জনসম্মুখে আনুন।

যদি তা না পারেন, হলফ করে লিখে রাখুন-সামনে ঘোর অন্ধকার সিঁড়ি অপেক্ষা করছে। সেই চরম বিষাদময় দিন খুব বেশি দূরে নয়।

তাই আল্লাহর ওয়াস্তে বলছি-দলকে বাঁচান, সরকারকে বাঁচান। সকল মান-অভিমান পেছনে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন।

জাতীয়তাবাদের একজন নগণ্য কর্মী হিসেবে এটি আমার আকুল আবেদন এবং শেষ সতর্কবার্তা।

লেখকঃ মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার              সভাপতি, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন