
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পাসের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. নুর হাদী। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিসুজ্জামান বিপুল। সভায় সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক অংশ নেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের উপস্থিতি, ফলাফল এবং পাঠদানের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সহকারী প্রধান শিক্ষক মাকছুদুল আলম, সিনিয়র শিক্ষক রেজাউল কবীর, হারুন অর রশিদ, গোবিন্দ বণিক, ফখরুল ইসলাম ও সানজিদা তালুকদারসহ শিক্ষকরা মতামত দেন।
আলোচনায় এলাকাবাসী ও অভিভাবকদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ স্থাপন, নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়া, শ্রেণিকক্ষে পাঠদানে বৈচিত্র্য আনা এবং সাপ্তাহিক মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ আয়োজন এবং অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়ার প্রস্তাব উঠে আসে।
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য অতিরিক্ত কোচিং বা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষার পরিবেশকে আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। পাঠদানকে আরও আকর্ষণীয় করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়েও মতামত দেন শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নুর হাদী বলেন, “শিক্ষার আসল কারিগর হলেন শিক্ষকমণ্ডলী। অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি সব ধরনের সহযোগিতা করবে। তবে শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব শিক্ষকদের। আমাদের লক্ষ্য এই বিদ্যালয়কে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা।”
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, সভাপতির দিকনির্দেশনা শিক্ষকদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং শিক্ষার মান উন্নয়নে সব শিক্ষক একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এর আগে প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :