
ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। একটি গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের ধানমহলে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গৌরীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
রফিকুল ইসলাম তালুকদার গৌরীপুর উপজেলার ১০ নম্বর সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ২০২৫ সালের ৬ জানুয়ারি সিধলা ইউনিয়নের টেংগুরীপাড়া গ্রামে গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় রফিকুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, টেংগুরীপাড়ায় গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনায় ২০২৫ সালের ৯ জানুয়ারি সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
এদিকে রফিকুল ইসলাম তালুকদারের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতার দাবি, রফিকুল ইসলাম একজন ত্যাগী যুবদল নেতা এবং তাকে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতার করা হয়েছে। তাদের প্রশ্ন, ‘আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীর দিনে রাজপথের ত্যাগী যুবদল নেতা রফিককে গ্রেফতার করা হলো-এটা মেনে নেওয়ার মতো নয়। এজন্যই কি আমরা ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছিলাম?’
তবে রফিকুল ইসলামকে গ্রেফতারের বিষয়ে পুলিশ বলছে, এটি কোনো রাজনৈতিক কারণে নয়; তিনি সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :