Tathyojora.news সাংবাদিক বুলবুলের ওপর পুলিশি নির্যাতন: জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম - Tathyojora.news

সাংবাদিক বুলবুলের ওপর পুলিশি নির্যাতন: জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


নিজস্ব প্রতিবেদক অগাস্ট ৮, ২০২৬, ৮:২৬ PM
সাংবাদিক বুলবুলের ওপর পুলিশি নির্যাতন: জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর বিজয় সরণি সিগন্যালে দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের মোবাইল জার্নালিস্ট (মোজো) বুলবুল হোসাইনের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

শনিবার (৮ আগস্ট) সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ আগস্ট বিজয় সরণি সিগন্যালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যবাহী একটি বাস থেকে নেমে আসা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে এক নারীর বাকবিতণ্ডা এবং ওই নারীকে মারধরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন বুলবুল হোসাইন।

এ সময় কয়েকজন পুলিশ সদস্য হঠাৎ তাঁর ওপর চড়াও হয়ে জোরপূর্বক তাঁকে পুলিশের একটি ভ্যানে তুলে নেন বলে অভিযোগ করা হয়। ভ্যানের ভেতরে ধারণ করা ভিডিও মুছে ফেলার জন্য তাঁকে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।

তাঁদের অভিযোগ, একপর্যায়ে বুটজুতা পরা পা দিয়ে বুলবুলের বুকে আঘাত করা হয় এবং তাঁকে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়। পরে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তিনি পুলিশের ভ্যান থেকে উদ্ধার পান। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মানববন্ধনে জানানো হয়, চিকিৎসকরা বুলবুল হোসাইনের মাথা, চোখ ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন শনাক্ত করেন এবং তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত একজন স্বাধীন গণমাধ্যমকর্মীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন নির্যাতন শুধু সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা নয়, এটি মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের শামিল।

তাঁরা আরও বলেন, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ঘটনার বিষয়ে কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা প্রকাশ পেয়েছে বলে দাবি করেন তাঁরা।

মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকরা ডিএমপি কমিশনারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে।

মানববন্ধনে সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সহকর্মী সাংবাদিকরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।