Tathyojora.news শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেফতার করতে হবে, যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: নাহিদ ইসলাম - Tathyojora.news

শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেফতার করতে হবে, যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০২৬, ১১:২৯ PM
শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেফতার করতে হবে, যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: নাহিদ ইসলাম

গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, দেশে মাদক কারবার, চাঁদাবাজি, দলীয়করণ এবং জমি দখলের মতো কর্মকাণ্ড এখনো বন্ধ হয়নি।

তিনি বলেন, “আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ, আদালত-সব দলীয়করণ হয়ে গেলে কোথাও ন্যায়বিচার পাবেন না।” বর্তমান সরকারকে পরিবর্তনের সরকার নয় উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত পরিবর্তন ও সংস্কার বাস্তবায়নের জন্য এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।

সংসদে এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে তাদের মাত্র আটজন পার্লামেন্ট সদস্য রয়েছেন। তবে এই আটজনই জনগণের পক্ষে একশো জনের ভূমিকা পালন করছেন বলে দাবি করেন তিনি। এনসিপি প্রধান বিরোধী দল হলে জনগণের স্বার্থে আরও বেশি ভূমিকা রাখা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগের কথা উঠেছে। তিনি অভিযোগ করেন, পাঁচ মাসেও আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তনের কথা বলবে-এমন প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করার দাবি জানান তিনি। একই সঙ্গে বিএনপি যোগ্য ও জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি পদে বসাতে চায় না বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, আন্দোলনের সামনের সারিতে ছিলেন শিক্ষার্থীরা, আর পেছন থেকে সহযোগিতা করেছেন দেশের সর্বস্তরের মানুষ। সম্প্রতি জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশ প্রশাসনের কাছে জানতে চান তারা।

নাহিদ ইসলামের দাবি, ফ্যাসিস্টদের তাণ্ডব চললে এর দায় পুলিশ প্রশাসন ও সরকারকেই নিতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।