
সমাজের নীরব মানবিক যোদ্ধাদের খুঁজে বের করে সম্মানিত করার লক্ষ্যে Sujan’s Search for Social Heroes-এর দ্বিতীয় অনুষ্ঠান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দোরগারচর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে শুরু হওয়া এই আয়োজনে সমাজসেবায় অসামান্য অবদান রাখা কয়েকজন নিঃস্বার্থ ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মানিতদের মধ্যে ছিলেন মোহাম্মদ আবু সায়েদ সরকার। তিনি দীর্ঘদিন ধরে ন্যায্য গ্রাম্য সালিশ নিশ্চিত করা, স্থানীয় সড়ক মেরামতে ভূমিকা রাখা এবং কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন।
আরেক সম্মাননা প্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তিনি কখনো গ্রাম্য সালিশের জন্য কোনো অর্থ গ্রহণ করেননি। বাবার আদর্শ অনুসরণ করে সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়া তিনি অসহায় পরিবারের একাধিক মেয়ের দেখাশোনা এবং তাদের বিয়ের ব্যবস্থা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে সম্মানিত হন আনোয়ারা বেগমও। তিনি গত ২০ থেকে ২৫ বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা দিয়ে আসছেন। পাশাপাশি গর্ভবতী মায়েদের নিয়মিত সহায়তা এবং প্রয়োজনে প্রসবকালীন সময়েও পাশে থেকে মানবিক সেবা প্রদান করে আসছেন।
আয়োজকদের মতে, Sujan’s Search for Social Heroes-এর মূল লক্ষ্য হলো সমাজের সেই নীরব বীরদের খুঁজে বের করা ও স্বীকৃতি দেওয়া, যারা দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করলেও অধিকাংশ সময় প্রচারের আড়ালেই থেকে যান। এই উদ্যোগের মাধ্যমে তাদের সম্মাননা ও উপহার প্রদান করে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত নারীদের শাড়ি, জায়নামাজ ও তাসবিহ এবং পুরুষদের পাঞ্জাবি ও টুপি উপহার হিসেবে প্রদান করা হয়।
বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :