
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারি-এর নাম আলোচনায় এসেছে। এ নিয়ে অধিদপ্তরের ভেতরে ও বাইরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারি অতীতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, এলজিইডি শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় তিনি আওয়ামী লীগ-সমর্থিত কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
বর্তমানে তিনি এলজিইডির পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, এলজিইডির একটি অংশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ বিষয়ে অসন্তোষ দেখা দিয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। তাদের অভিযোগ, অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা কোনো কর্মকর্তাকে অধিদপ্তরের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হলে তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বিশেষ করে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ রয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।
এ ছাড়া আরও অভিযোগ উঠেছে, বগুড়ার বাসিন্দা হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিমন্ত্রী মির শাহে আলম-এর সঙ্গে আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণেই তাকে প্রধান প্রকৌশলীর পদে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।
তবে এসব অভিযোগের বিষয়ে আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারি বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :