Tathyojora.news অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনি, সাভারে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের - Tathyojora.news

অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনি, সাভারে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৬, ১১:২৫ PM
অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনি, সাভারে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন অটোরিকশাচালক ও একটি গ্যারেজের মালিককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) দুপুরে সাভার পৌরসভার উলাইল এলাকার একটি অটোরিকশা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবুল খায়েরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মরদেহের দায়িত্ব নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাচালক সবুজ ওরফে শুভ দুপুরে খাবার খেতে বাসায় গেলে তার ছোট ছেলে রিকশার কাছে অবস্থান করছিল। ওই সময় আবুল খায়ের শিশুটির কাছে খাবার চান। পরে তাকে অটোরিকশার হ্যান্ডেলের ওপর বসে থাকতে দেখে কয়েকজন তাকে চোর সন্দেহ করেন। এরপর শুরু হয় মারধর। স্থানীয়দের অভিযোগ, পরে তাকে পাশের একটি গ্যারেজে নিয়ে গিয়ে আরও দফায় দফায় নির্যাতন করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবুল খায়েরের মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি জানানো হলে পুলিশ এসে মরদেহের দায়িত্ব গ্রহণ করে।

নিহতের স্বজনরা জানান, আবুল খায়ের চাঁদপুরের বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার ভোরে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে সাভার থানা থেকে তারা তার মৃত্যুর খবর পান।

এদিকে, আটক গ্যারেজ মালিক নুরুজ্জামান দাবি করেন, তার গ্যারেজে আনার আগেই স্থানীয় লোকজন আবুল খায়েরকে মারধর করেছিলেন। তার ভাষ্য, পরে কয়েকজন অটোরিকশাচালকও তাকে মারধর করেন। তবে তিনি নিজে ওই হামলায় অংশ নেননি বলে দাবি করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো গণপিটুনির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।