Tathyojora.news প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ - Tathyojora.news

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ


নিউজ ডেস্ক মার্চ ৫, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খালেদ হোসেন পরাগকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এর সর্বশেষ ধাপে বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।
তার যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনে সক্রিয় খালেদ হোসেন পরাগ পেশাগত জীবন শুরু করেন দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। বর্তমানে তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পাবনা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সংগঠন গঠন, নেতৃত্ব ও বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠনের ক্ষেত্রেও রয়েছে তার উদ্যোগী ভূমিকা। তার উদ্যোগে পাবনায় প্রতিষ্ঠিত হয়েছে আজকের প্রজন্ম ফোরাম, হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফারস ফোরাম, পাবনা সাইক্লিস্ট ফোরাম, মাইপাবনা ডট কম, পাবনা ফিল্ম সোসাইটি এবং পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম। এসব সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে তরুণদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন তিনি।

খালেদ হোসেন পরাগের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘ছবির গল্প বাংলাদেশ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি প্রায় দুই দশক ধরে স্বেচ্ছাসেবাভিত্তিতে বিএনপি ও জিয়া পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি ও সংরক্ষণ করে আসছেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০০৬ সালে প্রকাশিত তরুণ তারেক রহমানের আলোচিত ইউনিয়ন প্রতিনিধি সভার বিস্তৃত ফটোডকুমেন্টেশন বই “ছবির গল্প”। এছাড়া মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে প্রকাশিত ফটোডকুমেন্টেশন “দেশনেত্রী”ও বেশ আলোচিত।
এছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন-দর্শন, রাজনৈতিক সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ এবং গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ ও নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন খালেদ হোসেন পরাগ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ও আর্কাইভ সংরক্ষণেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।