
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ৮৩ জন প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এসব প্রার্থীর নিয়োগ না পাওয়ার কারণ জানতে চেয়ে সরকারের জবাবদিহি দাবি করেছেন তিনি।
সাদিক কায়েম বলেন, মেধা ও যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও অদৃশ্য কোনো কারণে এসব প্রার্থী নিয়োগ পাচ্ছেন না। কেন তাঁদের নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই কারণ তাঁরা নিজেরাও জানেন না।
তিনি আরও বলেন, রাষ্ট্রের ১৫ জন নাগরিক নিজেদের মেধার মূল্যায়ন না পেয়ে অনশন করছেন। অথচ ‘মেধা না কোটা’ স্লোগানে সংঘটিত রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই।
এ অবস্থায় সরকারের কাছে জবাবদিহি দাবি করে সাদিক কায়েম বলেন, এতজন চাকরিপ্রার্থী কেন নিয়োগবঞ্চিত হলেন, তার জবাব দিতে হবে। একই সঙ্গে চূড়ান্তভাবে উত্তীর্ণ সব প্রার্থীকে অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তিনি।
আপনার মতামত লিখুন :