
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও দীপু মনির আইনজীবী।
এর আগে স্বামীর মৃত্যুর পর দীপু মনির প্যারোলে মুক্তির জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়। চার দিনের প্যারোল চাওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার অনুমতি দেওয়া হয়েছে। এই সময়টুকু তিনি পুলিশ পাহারায় থাকবেন।
পারিবারিক সূত্র ও আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশ পাহারায় দীপু মনিকে ঢাকায় নেওয়া হবে। প্রথমে তিনি রাজধানীর কলাবাগানে তাঁর নিজ বাসভবনে যাবেন। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখবেন তিনি।
পরে তৌফিক নেওয়াজের মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে তাঁর জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।
২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। চলতি বছরের ২৭ মে স্বজনরা তাঁকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে গিয়েছিলেন কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে।
স্বামীর মৃত্যুর পর তাঁর শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ দিতে দীপু মনির জন্য এই প্যারোলের অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত ১২ ঘণ্টা শেষে তাঁকে আবার মুন্সিগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :