
কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি এই সুযোগ পাবেন।
বুধবার (১৯ আগস্ট) তার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে মানবিক বিবেচনায় চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন ডা. দীপু মনির পরিবার। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়া হয়।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম আবেদন করার বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য মানবিক কারণে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল।
পরিবারের পক্ষ থেকে আবেদনটি জমা দেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে লিখিত আবেদনপত্র দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা করেন।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বামীর শেষকৃত্যে অংশ নিতে চার দিনের প্যারোল চাওয়া হলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :