
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজ মারা গেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তৌফিক নেওয়াজ দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের জুলাইয়ে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৌফিক নেওয়াজ। সে সময় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের মুম্বাইয়ে নেওয়া হয়।
চিকিৎসা শেষে দেশে ফেরার পরও তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। একপর্যায়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তৌফিক নেওয়াজ ও ডা. দীপু মনি দম্পতির দুই সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দলীয় রাজনৈতিক ও আইনজীবী অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :