
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগরের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা সহকারী জেলা জজ আদালত এ খারিজ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে উদীচীর কেন্দ্রীয় সংসদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মাহমুদ সেলিম ও অমিত রঞ্জন দে। মামলায় বিবাদী করা হয় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনকে।
এর মধ্যে গত ১০ জুলাই উদীচী ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলনের দিন ধার্য হয়। ওই সম্মেলনের কার্যক্রমসহ অন্যান্য সাংগঠনিক তৎপরতার ওপর নতুন করে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন যুক্ত করে বাদীপক্ষ।
পরে আদালত বিবাদীপক্ষকে কেন উদীচীর সাংগঠনিক তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর আদেশ দেন। একই সঙ্গে ঢাকা মহানগর সম্মেলনের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন আদালতে যথাযথ কারণ উপস্থাপন করেন। সেখানে উদীচীর গঠনতান্ত্রিক বিধি, বিগত ২৩তম জাতীয় সম্মেলনের প্রয়োজনীয় কার্যবিবরণী এবং নিয়মতান্ত্রিক সাংগঠনিক তৎপরতার ধারাবাহিকতা ও যৌক্তিকতা তুলে ধরা হয়।
শুনানি শেষে আদালত বিবাদীপক্ষের উপস্থাপিত বক্তব্য ও নথিপত্রে সন্তুষ্ট হয়ে বাদীপক্ষের নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন।
বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তসলিম। এ সময় দুই বিবাদীসহ উদীচীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
শুনানিতে অংশ নেওয়া অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তসলিম বলেন, “আদালতের এই আদেশের মধ্য দিয়ে ঢাকা মহানগর উদীচীর সম্মেলনসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা রইলো না। পাশাপাশি বাদীপক্ষ যে একটি বৈধ ও গঠনতান্ত্রিক কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেছে, তার ভিত্তিও নড়বড়ে হয়ে গেলো।”
আদালতের এই আদেশের ফলে ঢাকা মহানগর উদীচীর সম্মেলনসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো আদালতীয় বাধা থাকল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :