
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে এক চোখ হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) গেছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালে আলিফ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আখতার হোসেন সরকারের প্রতি তিনটি দাবি জানান। দাবিগুলো হলো-
১. আহত আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
২. হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এনসিপির জুলাই পদযাত্রাসহ দলটির সব রাজনৈতিক কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।
এনসিপি নেতারা বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :