
দেশের ইতিবাচক পরিবর্তন ও জনসচেতনতা তৈরিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তাঁর মতে, সঠিক তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম ও অসংগতিগুলো সামনে আনা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
ফরিদা খানম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বিভিন্ন সমস্যা ও অসংগতির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর ফলে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ না করে সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমস্যা, অধিকার ও প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরলে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। তাই সাংবাদিকদের জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।
আপনার মতামত লিখুন :