
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ ঘটনায় তারা গুরুতর আহত হয়েছেন। পরে তাদের জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ।
জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। ওই অভিযানের সংবাদ সংগ্রহের সময় কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে সাংবাদিকদের হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত তিন সাংবাদিকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলায় জড়িত ব্যক্তিরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন।
ঘটনার বিস্তারিত কারণ এবং হামলায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :