Tathyojora.news মিজোরামফেরত বম পরিবারসহ অসহায়দের পাশে রুমা জোনের সেনাবাহিনী - Tathyojora.news

মিজোরামফেরত বম পরিবারসহ অসহায়দের পাশে রুমা জোনের সেনাবাহিনী


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৬, ৮:০৩ PM
মিজোরামফেরত বম পরিবারসহ অসহায়দের পাশে রুমা জোনের সেনাবাহিনী

বান্দরবানের রুমায় ভারতের মিজোরাম থেকে নিজ এলাকায় ফিরে আসা বম পরিবারের পুনর্বাসন, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং ধর্মীয় উৎসব উদযাপনে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন। মানবিক উদ্যোগের আওতায় খাদ্যসামগ্রী, আর্থিক অনুদান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণ ও গবাদিপশু বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অসহায় পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, সম্প্রতি ভারতের মিজোরাম থেকে ফিরে রুমা উপজেলার তিনটি পাড়ায় আশ্রয় নিয়েছেন পাঁচটি পরিবারের মোট ১৭ জন সদস্য। এর মধ্যে হ্যাপিহিল পাড়ার দুটি পরিবারের ৯ জন, লাইরুনপি পাড়ার একটি পরিবারের ৫ জন এবং মুন্নুয়াম পাড়ার দুটি পরিবারের ৩ জন রয়েছেন।

ফিরে আসা পরিবারগুলোর পুনর্বাসন ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে রুমা জোনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, রান্নার সরঞ্জাম, সোলার সিস্টেম এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া মুন্নুয়াম পাড়ার লাল রুয়াদ্দান বম, এ্যালভেজ বম, ফ্লেক্স বম ও জেনিবিশ বমের মধ্যে ১২টি ছাগল ও ১২টি টিন বিতরণ করা হয়েছে। অন্যদিকে, মুনলাই পাড়ার জিং যোফ কিমকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা।

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবেও সহায়তা

স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বড়ুয়া পাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের নগদ অর্থ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব উদযাপনেও পাশে দাঁড়িয়েছে রুমা জোন।

শিক্ষা ও প্রশিক্ষণে স্বাবলম্বী করার উদ্যোগ

রুমারচর নিচের পাড়ার মৃত মংচাইসিং মার্মার দুই মেয়ের ভবিষ্যৎ গঠনে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁর ছোট মেয়ে হ্লা খিং প্রু মার্মার পড়াশোনার ব্যয় বহনের পাশাপাশি বড় মেয়ে মেসিংউ মার্মাকে দর্জি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মিজোরামফেরত পরিবারগুলোর পুনর্বাসন, ধর্মীয় উৎসবে সহযোগিতা এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের এসব কার্যক্রম ভূমিকা রাখছে।