
চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ জানানোর সুযোগ তৈরি করতে নতুনভাবে চালু হয়েছে Chandabaaj.com। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগেই এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্যোগে এটি চালু করা হয়েছিল। দেশের যেকোনো এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটলে মানুষ যেন ভয় ছাড়াই সেই তথ্য জানাতে পারেন- এটাই ছিল উদ্যোগটির মূল উদ্দেশ্য।
প্ল্যাটফর্মটির দেওয়া তথ্য অনুযায়ী, আগের কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার রিপোর্ট জমা পড়েছিল Chandabaaj.com-এ। তবে কিছু কারিগরি সমস্যার কারণে পুরোনো রিপোর্টগুলো বর্তমানে ওয়েবসাইটে সরাসরি দেখা যাচ্ছে না।
এখন নতুন করে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে Chandabaaj.com কর্তৃপক্ষ।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো এলাকায় দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা আদায়, ব্যবসায়ীকে ভয়ভীতি দেখানো, বাসস্ট্যান্ড বা বাজার নিয়ন্ত্রণ করে অর্থ আদায় কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির মতো ঘটনা ঘটলে সেসব তথ্য প্ল্যাটফর্মটিতে জানানো যাবে।
চাঁদাবাজির তথ্য জানাতে গিয়ে কেউ নিজের পরিচয় প্রকাশ করতে না চাইলে গোপন রেখেই রিপোর্ট করার সুযোগ থাকবে বলে জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। অভিযোগের সঙ্গে সম্ভব হলে ছবি, ভিডিও কিংবা ঘটনার পক্ষে থাকা অন্যান্য প্রমাণ দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।
Chandabaaj.com-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্ল্যাটফর্মে পাওয়া অভিযোগ সরাসরি প্রকাশ করা হবে না। অভিযোগগুলো প্রথমে যাচাই-বাছাই করা হবে এবং সত্যতা নিশ্চিত হওয়ার পরই সংশ্লিষ্ট তথ্য মানুষের সামনে তুলে ধরা হবে।
চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় নয়, চাঁদাবাজির ঘটনাকেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি। তাদের বক্তব্য, চাঁদাবাজ যে দলেরই হোক, তার পরিচয় একটাই-চাঁদাবাজ।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদাবাজির ঘটনা দেখেও নীরব থাকলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। অন্যদিকে, এসব ঘটনার তথ্য সামনে এলে সংশ্লিষ্টদের কর্মকাণ্ড আড়াল করে রাখা কঠিন হয়ে পড়ে।
এ কারণে দেশের যেকোনো এলাকায় চাঁদাবাজির ঘটনা চোখে পড়লে তথ্য ও সম্ভব হলে প্রমাণসহ তা জানানোর আহ্বান জানিয়েছে Chandabaaj.com।
আপনার মতামত লিখুন :