
আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের বৈশ্বিক আলোচনায় অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য World Human Rights Cities Forum 2026-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের (Gwangju International Center) আমন্ত্রণে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, নীতিনির্ধারক, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সফরকালে তিনি মানবাধিকার সুরক্ষা, নাগরিক স্বাধীনতা, গণতান্ত্রিক অংশগ্রহণ ও সামাজিক ন্যায্যতা বিষয়ক একাধিক সেমিনার, সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশ নেবেন। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের আয়োজনে বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি সংযোগ কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে এনসিপির এই মুখপাত্রের।
আপনার মতামত লিখুন :