Tathyojora.news প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ডিসেম্বরে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট - Tathyojora.news

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ডিসেম্বরে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৬, ৭:২২ PM
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ডিসেম্বরে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট

প্রবাসী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও বিনিয়োগ সক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। রাজধানীর শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের কথা রয়েছে।

রোববার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। এ সময় সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকদের ভাষ্য, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা, দেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানোই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। প্রবাসী উদ্যোক্তা, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক ও উন্নয়ন পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারেও গুরুত্ব দেওয়া হবে।

বিনিয়োগ ও প্রযুক্তি নিয়ে আলোচনা

সম্মেলনের দুই দিনের কর্মসূচিতে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় স্থান পাবে। এসব বিষয়ে প্যানেল আলোচনা, কৌশলগত সংলাপ ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন থাকবে।

আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে প্রবাসী ও বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, যৌথ উদ্যোগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর ক্ষেত্র তৈরি হবে।

আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি

সামিটকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে বিভিন্ন দেশে প্রচার ও প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সম্মেলনে সম্পৃক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের চেষ্টা চলছে।

আয়োজকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এনআরবি ওয়ার্ল্ড সামিট সেই অভিজ্ঞতা ও সক্ষমতাকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান তরিক, প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির, পরিচালক রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।