Tathyojora.news এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগ শাহরিয়ার মোনায়েমের - Tathyojora.news

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগ শাহরিয়ার মোনায়েমের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৬, ১২:৫৯ AM
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগ শাহরিয়ার মোনায়েমের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি কথিত ভুয়া ও বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রংপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৪ নম্বর সদ্যপুস্করিনী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহরিয়ার মোনায়েম। এ ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি।

শাহরিয়ার মোনায়েমের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাঁকে হেয়প্রতিপন্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ভিডিওর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করেন তিনি।

ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র ও মানহানিকর অপপ্রচার হিসেবে বর্ণনা করে শাহরিয়ার মোনায়েম বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এআই-সৃষ্ট বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

প্রতিবাদলিপিতে তিনি আরও জানান, কথিত ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ভিডিওটি শেয়ার ও প্রচারকারীদের বিরুদ্ধেও প্রচলিত সাইবার সুরক্ষাসংক্রান্ত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শাহরিয়ার মোনায়েম। তাঁর অনুরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিওর সত্যতা যাচাই না করে যেন কেউ সেটি বিশ্বাস বা প্রচার না করেন। একই সঙ্গে কথিত ভুয়া ভিডিও ও রাজনৈতিক অপপ্রচারমূলক কনটেন্টে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শাহরিয়ার মোনায়েমের ভাষ্য, রাজনৈতিক বিদ্বেষ, সাইবার বুলিং ও অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সচেতনতা এবং সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবাদলিপির শেষাংশে তিনি বিভ্রান্ত না হয়ে তাঁর পাশে থাকা এবং সহযোগিতা করার জন্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।