Tathyojora.news গাবতলী স্কুল ভবনের অর্থ আত্মসাৎ: এলজিইডির বাচ্চু মিয়াসহ চার আসামিকে দুদকে তলব - Tathyojora.news

গাবতলী স্কুল ভবনের অর্থ আত্মসাৎ: এলজিইডির বাচ্চু মিয়াসহ চার আসামিকে দুদকে তলব


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৬, ১:২০ AM
গাবতলী স্কুল ভবনের অর্থ আত্মসাৎ: এলজিইডির বাচ্চু মিয়াসহ চার আসামিকে দুদকে তলব

রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ শেষ না করেই বিল উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়াসহ চার আসামির লিখিত বক্তব্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা তদন্তকারী কর্মকর্তার কাছে নিজেদের লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে এর আগে গত দুই দিনে এলজিইডির একাধিক কর্মকর্তার বক্তব্য গ্রহণ করেন তদন্তকারী কর্মকর্তা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মামলাটির চার আসামির বক্তব্য নেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ২৮ অক্টোবর বাচ্চু মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।

মামলার অন্য আসামিরা হলেন-এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ছাবের আলী, উপসহকারী প্রকৌশলী মো. শামস জাভেদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ প্রকৌশলীর মালিক আবু সাইদ খান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের তৃতীয় ও চতুর্থ তলার কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের মাধ্যমে আসামিরা ১ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮০৬ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সরকারি ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহিদুর রহমান। তিনি জানান, গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ শেষ না করেই বিল উত্তোলন ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকা এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়াসহ চার আসামির লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।