Tathyojora.news বিটিভি ডিজির ক্ষমতা খর্ব ও লোগো পরিবর্তন নিয়ে প্রতিবাদ, তথ্য সচিবের অপসারণ দাবি - Tathyojora.news

বিটিভি ডিজির ক্ষমতা খর্ব ও লোগো পরিবর্তন নিয়ে প্রতিবাদ, তথ্য সচিবের অপসারণ দাবি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:১২ AM
বিটিভি ডিজির ক্ষমতা খর্ব ও লোগো পরিবর্তন নিয়ে প্রতিবাদ, তথ্য সচিবের অপসারণ দাবি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকের ক্ষমতা খর্ব এবং লোগো পরিবর্তনকে কেন্দ্র করে দৈনিক আজকের খবরে প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের নেতৃত্বে বিটিভি রক্ষায় আন্দোলনকারী সমমনা সংগঠনগুলো।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রধান সমন্বয়ক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এ প্রতিবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন আগে দৈনিক আজকের খবরে ‘বাংলাদেশ টেলিভিশন বিটিভি মহাপরিচালকের ক্ষমতা খর্ব, নেপথ্যে লোগোকান্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংগঠনটির দাবি, প্রতিবেদনটি একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে বিটিভির বর্তমান মহাপরিচালক কাজী জেসিনের ওপর লোগো পরিবর্তনের দায় চাপানো হয়েছে, যা তাদের মতে সঠিক নয়।

তাদের অভিযোগ, বিটিভির লোগো পরিবর্তনের বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার উদ্যোগে বর্তমান মহাপরিচালককে সামনে রেখে আলোচনায় আনা হয়েছে। একই সঙ্গে সচিবের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আড়াল করতে এবং জনদৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। তবে এসব অভিযোগের পক্ষে বিজ্ঞপ্তিতে কোনো নথি বা প্রমাণ সংযুক্ত করা হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে গত ৮ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিটিভির মহাপরিচালককে দেওয়া একটি চিঠির বিষয়ও তুলে ধরা হয়।

সংগঠনটির দাবি, ওই চিঠিতে নীতিগত তদারকি, সমন্বয় এবং প্রশাসনিক, আর্থিক ও সম্প্রচার কার্যক্রমের অনুমোদনের ক্ষেত্রে বিটিভিকে মন্ত্রণালয়ের আওতাধীন থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর ফলে নিয়োগ, বদলি, নীতিমালায় পরিবর্তন, অনুষ্ঠানসূচি, বাজেট এবং বড় ধরনের ক্রয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিটিভিকে মন্ত্রণালয়ের পূর্বানুমোদনের ওপর নির্ভর করতে হবে বলে তারা মনে করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, মানবজমিনের একটি প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিভির জনসচেতনতামূলক কনটেন্ট প্রচারের ক্ষেত্রেও মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি উঠে এসেছে।

এ কারণে বিটিভির মহাপরিচালকের পদ কার্যত ‘পুতুল’ পদে পরিণত হয়েছে বলে সংগঠনটি অভিযোগ করেছে। তাদের মতে, রাজনৈতিক সরকারের প্রচারযন্ত্রের বাইরে গিয়ে বিটিভিকে জনস্বার্থভিত্তিক জাতীয় গণমাধ্যম হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে নিউএজকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালীব রহমান পার্থ বলেছেন, “বিটিভিকে কেন স্বায়ত্তশাসন দিতে হবে? মন্ত্রণালয়ই যদি অর্থায়ন করে, তাহলে সরকারি অর্থের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠান কীভাবে স্বায়ত্তশাসিত হবে?”- প্রেস বিজ্ঞপ্তিতে এ বক্তব্যও উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিটিভির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিও জানানো হয়। সংগঠনটির দাবি, এসব বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, নথি ও প্রমাণ রয়েছে। তবে বেসরকারি গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলো এসব অভিযোগ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে না বলেও তারা অভিযোগ করে।

তাদের প্রশ্ন, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে কথিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বেসরকারি গণমাধ্যমগুলো কেন নীরব রয়েছে।

সংগঠনটির দাবি, বিটিভির লোগো পরিবর্তন, মহাপরিচালকের ক্ষমতা খর্ব এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়গুলো পরস্পর সম্পর্কিত এবং এগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে অপসারণের দাবি জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।