
সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
জাতীয় সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদের মূল্য এখন আর দুই আনাও নেই। এই সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ, সেখানে বিরোধী দলের বক্তব্য ও জনগণের কণ্ঠস্বরের যথাযথ মূল্যায়ন হচ্ছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি তাঁরা দেখতে চান না। পরিস্থিতির উন্নয়নে প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তাঁর দায়িত্বে থাকা অবস্থায় আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি খাতের ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এনসিপির আহ্বায়ক। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক ও প্রহসন চলছে, তা বন্ধ করতে হবে। জনগণ এই কমিটিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁর ভাষায়, একজন প্রশাসক কীভাবে নির্বাচনে অংশ নেবেন, সেটি গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়। জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের কেউই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে দাবি করেন তিনি। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যও প্রত্যাহারের আহ্বান জানান এনসিপির এই নেতা।
লিফলেট বিতরণ ও পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :