
উন্নত, সাশ্রয়ী ও গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট (বিডি) লিমিটেড এবং কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন (KDRF)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর হাতিরপুলে অবস্থিত ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট (বিডি) লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবর রহমান, পরিচালক সরোয়ার জাহান চৌধুরী এবং জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবর রহমান বলেন, প্রতিষ্ঠানটি কেবল ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে নয়, মানবসেবার অঙ্গীকার নিয়েও কাজ করতে চায়। তিনি বলেন, স্বল্প ব্যয়ে মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।
জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী বলেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও উন্নত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে দেশব্যাপী আরও শাখা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতের সেই কার্যক্রমেও কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আইয়ুব আলী চৌধুরী এবং সমন্বয়ক ডা. মাসুদ ইকবাল।
ডা. মাসুদ ইকবাল বলেন, তাদের এই উদ্যোগটি নতুন ধারণাভিত্তিক এবং এটি মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে হবে। তিনি জানান, ফাউন্ডেশনের সেবার ধরন প্রচলিত সেবার তুলনায় ভিন্ন এবং সম্পূর্ণ সেবামূলক। এ কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন (KDRF) বাংলাদেশের একটি অলাভজনক স্বাস্থ্য ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। কিডনি রোগ প্রতিরোধ, গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে। পাশাপাশি কিডনি রোগ ও বিভিন্ন অসংক্রামক রোগ (NCD) নিয়ে গবেষণা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিচালনা করে আসছে।
অন্যদিকে, ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট (বিডি) লিমিটেড দেশের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠান। আধুনিক ল্যাবরেটরি সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন রোগের নির্ণয়সেবার মাধ্যমে আন্তর্জাতিক মানের নির্ভুল, নির্ভরযোগ্য ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
আপনার মতামত লিখুন :