Tathyojora.news হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন, চিকিৎসা সেবায় নজর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর - Tathyojora.news

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন, চিকিৎসা সেবায় নজর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন, চিকিৎসা সেবায় নজর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঈদের ছুটির মধ্যেই হঠাৎ করে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজখবর নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার (দুপুর সোয়া ১২টা) সিরাজগঞ্জ থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভিডিও সংযোগে জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোর-সব ইউনিট ঘুরে দেখতে চান প্রতিমন্ত্রী। দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঈদের ডিউটিতে থাকার জন্য তাদের শুভেচ্ছা জানান। তবে উপস্থিত চারজন চিকিৎসকের মধ্যে একজনকে না পেয়ে তার বিষয়ে তাৎক্ষণিক খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

হাসপাতালের সেবার মান যাচাই করতে গিয়ে প্রতিমন্ত্রী সরাসরি রোগী ও নার্সদের সঙ্গেও কথা বলেন। তিনি জানতে চান চিকিৎসা সেবা কতটা কার্যকরভাবে দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না।

এ সময় তিনি কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দুর্গম এলাকায় আপনারাই মানুষের প্রধান ভরসা। আপনাদের এই ত্যাগ ও দায়িত্ববোধ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।”

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে একটি সমন্বিত রোডম্যাপ চূড়ান্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে একটি সুস্থ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

ঈদের ছুটির মধ্যেও তৃণমূল পর্যায়ের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।