Tathyojora.news রামিসাসহ সব ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে এনসিপির মশাল মিছিল - Tathyojora.news

রামিসাসহ সব ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে এনসিপির মশাল মিছিল


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২৬, ১:৩৯ AM
রামিসাসহ সব ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

শিশু রামিসাসহ দেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। (বৃহস্পতিবার ২১ মে) রাত ৯টার দিকে বাংলামোটরে দলটির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে “তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া” স্লোগানটি বিশেষভাবে উচ্চারিত হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর নিপীড়নের ঘটনা সমাজে বিচারহীনতার সংস্কৃতিকে সামনে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনেও নেতাকে খুশি করার সংস্কৃতির আড়ালে যৌন নিপীড়নের অভিযোগ উঠে আসে। এ ধরনের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা এবং প্রতিটি রাজনৈতিক দলে “যৌন নিপীড়ন বিরোধী সেল” গঠনের দাবি জানান।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। সম্মান ও মর্যাদার জায়গা থেকে নারীদের দেখার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং যুবশক্তির পশ্চিমাঞ্চলীয় সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন।

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সদস্য তাহমিনা শারমিন জুথি, এনসিপি নেতা ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, নুর আমিন খান, ওয়াহিদুজ্জামান সুমন এবং পল্লবী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।