
রাজধানী ঢাকায় তরুণ নেতৃত্ব, উদ্যোক্তা ও পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয়েছিল ‘জেসিআই কার্নিভাল ২০২৬’। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ শাখা জেসিআই বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর পেপার ট্রি বিডি-তে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন করা হয়।
কার্নিভালের মূল লক্ষ্য ছিল তরুণ নেতৃবৃন্দ, উদ্যোক্তা, পেশাজীবী এবং তাদের পরিবার-পরিজনদের একত্রিত করে সহযোগিতা ও সম্পৃক্ততার এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম তৈরি করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেসিআই-এর জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংগঠনের সভাপতি, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেন।
আয়োজনে বিভিন্ন কর্পোরেট অংশীদার যুক্ত ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ইউনাইটেড হেলথকেয়ার এবং সিটিজেন ব্যাংক পিএলসি।
কার্নিভালে ছিল আকর্ষণীয় ইন্টারঅ্যাকটিভ বুথ, খাবারের স্টল, খেলাধুলা, বিনোদন, বৈশাখী মেলা, কনসার্ট এবং নেটওয়ার্কিং-এর সুযোগসহ সব বয়সের অংশগ্রহণকারীদের জন্য নানা আয়োজন। দিনজুড়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা উপভোগ করেন বিভিন্ন কার্যক্রম।
জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের সভাপতি আরেফিন রাফি আহমেদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে সদস্য ও অংশীজনদের মধ্যে ঐক্য, সৃজনশীলতা এবং অর্থবহ সংযোগ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি তিনি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
জেসিআই বাংলাদেশ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-এর একটি অধিভুক্ত শীর্ষ যুব সংগঠন, যা নেতৃত্ব বিকাশ, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণদের জন্য কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :