
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক অদ্ভুত দাবি করে বলেছেন, ইরান তাকে তাদের ‘সর্বোচ্চ নেতা’ (সুপ্রিম লিডার) বানাতে চায়। তবে তিনি এই পদে আসীন হতে আগ্রহী নন।
ওয়াশিংটনে ‘ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটি’র (এনআরসিসি) বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই দাবি করেন।
তিনি আরও বলেন, মাসব্যাপী চলা যুদ্ধ বন্ধ করতে তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে। তবে নিজ দেশে বিদ্রোহের ভয়ে ইরানি কর্মকর্তারা তা প্রকাশ্যে স্বীকার করতে পারছেন না।
ডনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা করার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তবে তিনি না বলে দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, “দুনিয়ার কোনও দেশের প্রধানই ইরানের প্রধান হতে চাইবেন না।”
তিনি বলেন, আমি তাদেরকে খুব স্পষ্ট করেই বলতে শুনেছি, “আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই।” আমি বলেছি, “ধন্যবাদ, আমার এর দরকার নেই।”
সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর ইরান ইতোমধ্যে তার ছেলে মুজতাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত করেছে।
ইরানের সাম্প্রতিক উচ্চপর্যায়ের নেতাদের হত্যাকাণ্ডগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সেখানে বর্তমানে ক্ষমতায় শূন্যতা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :