
শ্রীলঙ্কা জানিয়েছে, তারা তাদের উপকূলে দ্বিতীয় আরেকটি ইরানি জাহাজের নাবিকদের জীবন রক্ষার চেষ্টা করছে।
মার্কিন ডুবোজাহাজের টর্পেডোর আঘাতে একটি ইরানি যুদ্ধজাহাজের ৮৭ নাবিক নিহত হওয়ার পরদিন বৃহস্পতিবার শ্রীলঙ্কার উপকূলে আরেক ইরানি জাহাজের অবস্থানের খবর এলো। ইরান বলছে, তাদের যুদ্ধজাহাজ ডুবানোর জন্য যুক্তরাষ্ট্রকে ‘তিক্ত অনুশোচনা’ করতে হবে।
রয়টার্স জানায়, শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র পার্লামেন্টকে জানিয়েছেন, শ্রীলঙ্কার জলসীমার বাইরে কিন্তু নিবিড় অর্থনৈতিক জোনের ভেতরে আরেকটি ইরানি জাহাজের অবস্থানের বিষয়টি কলম্বোর জানা ছিল আর তারা ‘উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার চেষ্টা’ করছে।
শ্রীলঙ্কার পার্লামেন্টে এক বিরোধীদলীয় নেতা জানতে চান, কলম্বো বন্দরের কাছে আরেকটি ইরানি জাহাজের অবস্থানের বিষয়টি সরকারের জানা আছে কি না। তার এমন প্রশ্নে মন্ত্রিসভার ওই মুখপাত্র দ্বিতীয় জাহাজের বিষয়ে কলম্বো জ্ঞাত আছে বলে জানান।
মুখপাত্র নালিন্দা জয়াতিসা বলেন, “প্রেসিডেন্ট, প্রতিরক্ষা কর্মকর্তারা ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে সজাগ আছেন আর আমরা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। জীবন রক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ইরানি জাহাজটি যুদ্ধজাহাজ না বেসামরিক, তা জানাননি তিনি।
জয়াতিসা জানান, ইরানি ফ্রিগেট আইআরআইএস দেনা শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গালের উপকূল থেকে ১৯ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে। বুধবার সাগর থেকে ৮৭ নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে আর সেগুলো সংরক্ষণ করার জন্য কলম্বো থেকে ঘটনাস্থলে দুটি ফ্রিজার জাহাজ পাঠানো হয়েছে।
ব্রাজিলের হিউ জি জানেইরু বন্দরে নোঙর করে আছে ইরানি নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা। ছবি: রয়টার্স
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে কয়েক হাজার মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় কোনো পূর্ব সতর্কতা না জানিয়ে জাহাজটিতে আঘাত হানা হয়।
সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি বলেন, “যেই নজির যুক্তরাষ্ট্র স্থাপন করলো তার জন্য তাদের তিক্ত অনুশোচনা করতে হবে।”
যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর অতিথি ছিল এবং তাতে প্রায় ১৩০ জন নাবিক ছিল বলে জানিয়েছেন তিনি।
নিখোঁজ ইরানি নাবিকদের সন্ধানে তল্লাশি অব্যাহত
বুধবার স্থানীয় সময় ভোরে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর উদ্ধারকারীরা একটি জরুরি বিপদ সংকেতে সাড়া দিয়ে আইআরআইএস দেনার নাবিকদের উদ্ধার করতে যায়। তারা জাহাজটির ৩২ নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় আর পরে ভারত মহাসাগরে আরও ৮৭ নাবিকের মৃতদেহ খুঁজে পায়।
নিখোঁজ আনুমানিক আরও ১০ জন নাবিকের খোঁজে বৃহস্পতিবারও তল্লাশি চালানো হচ্ছে বলে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরও জানায়, উদ্ধার পাওয়া ৩২ নাবিকের জখম তেমন গুরুতর নয় আর তাদের বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে।
ইরানি ফ্রিগেটটি ভারতের নৌমহড়ায় যোগ দিয়েছিল, এই হামলা ইরান যুদ্ধের সীমা নাটকীয়ভাবে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে অনেকদূর পর্যন্ত প্রসারিত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলেনে বলেছেন, “একটি আমেরিকান ডুবোজাহাজা একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে যেটি ভাবছিল আন্তর্জাতিক জলসীমায় তারা নিরাপদ আছে। তার বদলে, এটি টর্পেডো আঘাতে ডুবে গেছে। শান্তিপূর্ণ মৃত্যু।”
এ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে পেন্টগন। তাতে দেখা যায়, যুদ্ধজাহাজটিতে ব্যাপক একটি বিস্ফোরণ আঘাত করছে। বিস্ফোরণে জাহাজটির পেছনের অংশ উড়ে যায়। জাহাজটি পানি থেকে উপরে উঠে যায় তারপর পেছন দিক দিয়ে ডুবতে শুরু করে।
শ্রীলঙ্কার কর্মকর্তাদের দেওয়া তথ্য ও ভারতীয় নৌমহড়ার ওয়েবসাইট থেকে জানা গেছে, বঙ্গোপসাগরে ভারতের আয়োজিত একটি নৌমহড়ায় অংশ নিয়েছিল আইআরআইএস দেনা। ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নৌমহড়ায় অংশ নেওয়ার পর ফ্রিগেটটি ফিরে যাচ্ছিল।
দেনা ডুবে যাওয়ার পর এ ঘটনার বিষয়ে মন্তব্য করার জন্য রয়টার্স ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্রকে অনুরোধ করেছিল, কিন্তু তিনি সাড়া দেননি।
আপনার মতামত লিখুন :