ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত ঘোষণা
তথ্যজোড়া ডেস্ক
মার্চ ৩০, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ, দ্রুত সব স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চায় দল
রাজধানীসহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) রাতে ঢাকার বাংলামোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। অন্যদিকে, ঢাকা উত্তর সিটিতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করা হয়েছে।
এছাড়া, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। তিনি জানান, খুব শিগগিরই বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্যও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
এদিকে, দলের সদস্য সচিব আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে-
ছয় মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, উপজেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রশাসক নিয়োগ বন্ধ রাখা, প্রশাসকের দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, দলীয় প্রতীকের বাইরে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে এসব দাবির বাস্তবায়ন জরুরি।
আপনার মতামত লিখুন :