Tathyojora.news ধারাবাহিক অনিয়মের অভিযোগের পর অবশেষে স্ট্যান্ড রিলিজ প্রকৌশলী বাচ্চু মিয়া - Tathyojora.news

ধারাবাহিক অনিয়মের অভিযোগের পর অবশেষে স্ট্যান্ড রিলিজ প্রকৌশলী বাচ্চু মিয়া


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
ধারাবাহিক অনিয়মের অভিযোগের পর অবশেষে স্ট্যান্ড রিলিজ প্রকৌশলী বাচ্চু মিয়া

রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতি এবং বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগের পর অবশেষে ঢাকা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়াকে স্ট্যান্ড রিলিজ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সোমবার (৩০ মার্চ ২০২৬) জারি করা এক অফিস আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে এবং আগামী ১ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে একই প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ ঘিরে তাকে সাময়িকভাবে সরিয়ে আবার দায়িত্বে ফেরানোর ঘটনাও প্রশ্নের জন্ম দেয়। এই প্রকল্পে অনিয়ম ও ধীরগতির বিষয়টি নিয়ে এর আগে ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে কাজ শেষ না করেই বিল উত্তোলন, প্রশাসনিক দুর্বলতা, সমন্বয়হীনতা এবং জমি সংক্রান্ত জটিলতার মতো গুরুতর অভিযোগ উঠে আসে।

বিশেষ করে রাজধানীর গাবতলী এলাকায় একটি বিদ্যালয়ের ভবন নির্মাণে তৃতীয় ও চতুর্থ তলার কাজ সম্পন্ন না করেই প্রায় ১ কোটি ২২ লাখ টাকা বিল উত্তোলনের অভিযোগ ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও হয়।

২০২০ সালে শুরু হওয়া “ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন” প্রকল্পের আওতায় ১৫৬টি বিদ্যালয়ের কাজের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২০টি সম্পন্ন হয়েছে, যেখানে ভৌত অগ্রগতি প্রায় ৩০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ১৭ শতাংশে সীমাবদ্ধ। মাঠপর্যায়ে কাজ চলমান থাকলেও অধিকাংশ প্রকল্পই অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে এবং অন্তত ১০টি বিদ্যালয়ের কাজ জমি জটিলতার কারণে পুরোপুরি বন্ধ। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রকৌশলীদের অনুপস্থিতি, প্রশাসনিক দুর্বলতা ও তদারকির অভাব প্রকল্পের এই ধীরগতির অন্যতম কারণ।

এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন জানিয়েছেন, প্রকল্পের ধীরগতি ও অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং এখন পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা চলছে।

অন্যদিকে অভিযুক্ত প্রকৌশলী দাবি করেছেন, ঢাকার বাস্তবতা, বৃষ্টি, ডিজাইন পরিবর্তন এবং জমি সংক্রান্ত জটিলতার কারণেই কাজ ধীরগতিতে এগিয়েছে।

সব মিলিয়ে ধারাবাহিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই স্ট্যান্ড রিলিজকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হলেও, এতে প্রকল্পের বাস্তব অগ্রগতি কতটা বদলাবে-তা নিয়ে এখনো সংশয় কাটেনি।