
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক সাইদুল ইসলাম কচি।
দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নেতা ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।
উপহার বিতরণকালে সাইদুল ইসলাম কচি বলেন, আমি মাজপাড়া ইউনিয়নেরই সন্তান। দীর্ঘকাল ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মূলত মানুষের সেবা করার মহান উদ্দেশ্য নিয়েই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
মতবিনিময়কালে তিনি আরও বলেন, “মাজপাড়া ইউনিয়নকে আমি নতুন করে সাজাতে চাই। আমাদের লক্ষ্য হবে এই এলাকাকে সম্পূর্ণ দুর্নীতি ও অপরাধমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। এই স্বপ্ন বাস্তবায়নে আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি।
উপস্থিত এলাকাবাসী জানান, সাইদুল ইসলাম কচি দীর্ঘদিন ধরে নীরবে মানুষের সেবা করে যাচ্ছেন। সংকটের সময়ে তাকে পাশে পাওয়া যায়, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপহার বিতরণ শেষে তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া চান।
আপনার মতামত লিখুন :